, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 85%

চট্টগ্রামে হিজড়া নেত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি এলাকায় একটি বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২)। স্থানীয়দের কাছে তিনি ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন।

শনিবার সকালে হিজড়া কলোনির নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৌসুমী ওই বাসায় একাই থাকতেন। শুক্রবার রাত প্রায় দুইটা পর্যন্ত তিনি প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। পরে নিজ কক্ষে ঘুমাতে যান। ভোররাতে তাঁর ঘর থেকে বাগ্‌বিতণ্ডার শব্দ শুনতে পান পাশের কক্ষের বাসিন্দারা। তবে পরিচিত কারও সঙ্গে কথা বলছেন মনে করে তাঁরা বিষয়টি গুরুত্ব দেননি।

মৌসুমীর বাসার পেছনে একটি গরুর খামার ছিল। পুলিশ জানিয়েছে, শুক্রবার খামারের একটি গরু বিক্রি করা হয়। বিক্রির টাকা তাঁর কাছে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর সেই টাকা ও তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোনের সন্ধান পাওয়া যাচ্ছে না।

শনিবার সকাল ১০টার দিকে প্রতিবেশীরা মৌসুমীর খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান। শয়নকক্ষে বিছানার ওপর তাঁকে পড়ে থাকতে দেখা যায়। তাঁর মুখে রক্তের চিহ্নও ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শনকারী খুলশী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম জানান, মৌসুমীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে মৌসুমীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরের বিভিন্ন এলাকা থেকে হিজড়া সম্প্রদায়ের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেন।

খুলশী থানার ওসি আবদুর রহিম জানান, মৌসুমী হিজড়া সম্প্রদায়ের একজন নেতা ছিলেন। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্ত, ঘটনাস্থলের আলামত এবং নিখোঁজ টাকা ও মোবাইল ফোনের বিষয়ে তদন্তের পর ঘটনার বিস্তারিত কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত