, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 86%

চবি শিক্ষকের বিরুদ্ধে ৩ অভিযোগ প্রমাণিত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা ছুটি শেষে কাজে যোগ দেননি, ৪৭ লাখ টাকা বেতন-ভাতা নেওয়ার অভিযোগ চবি শিক্ষকের বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোমা দত্তের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ছুটি শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ দেননি ড. সোমা দত্ত। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া একাধিকবার বিদেশে অবস্থানের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪৭ লাখ টাকার বেশি বেতন ও অন্যান্য ভাতা গ্রহণের অভিযোগ রয়েছে।

অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদনে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর ড. সোমা দত্তের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া জানান, তিনটি সুনির্দিষ্ট অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় শিক্ষক সোমা দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থানকালে গ্রহণ করা বেতন-ভাতা ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে চাকরি থেকে অব্যাহতি বা অন্য কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও সিন্ডিকেট সিদ্ধান্ত নিতে পারে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত