, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 60%

আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ মামলাটির রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল, জুলাই গণঅভ্যুত্থান দমনে আসামিরা নির্দেশনা, উসকানি, প্ররোচনা ও বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে আন্দোলনকারীদের ওপর সহিংসতা চালানোর ঘটনায় ভূমিকা রাখেন। মামলায় প্রত্যেক আসামির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছিল।

রায়ের আগে গত ১৭ আগস্ট মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। পরে ১৪ সেপ্টেম্বর রায় ঘোষণার জন্য ১৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়।

রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছিল। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আসামিদের খালাস চেয়েছিলেন।

রায় ঘোষণার সময় সাত আসামিই পলাতক ছিলেন বলে জানা গেছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, তাদের অবস্থান শনাক্ত করা গেলে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত