শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও ভারত তাদের হস্তান্তর করছে না। তার দাবি, এ অবস্থার কারণে দুই দেশের সম্পর্কের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার পেছনে ভারতের কোনো গভীর উদ্দেশ্য রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, ভারতে বাংলাদেশের বিভিন্ন মামলায় অভিযুক্ত অনেক ব্যক্তি আশ্রয় নিয়েছেন। তাদেরও দেশে ফেরত পাঠানোর দাবি জানান তিনি।
সমাবেশে আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহের বিষয়টিও তুলে ধরেন রিজভী। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানানোর পরদিনই আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এটিকেও তিনি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেন।
রিজভীর বক্তব্য অনুযায়ী, ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, সার্বভৌমত্ব এবং সহযোগিতার ভিত্তি বজায় রাখা প্রয়োজন।
ইতি/
