মক্কার আকাশসীমার কাছে হুথিদের একটি ড্রোন প্রতিহত করার ঘটনায় সৌদি আরবের পাশে থাকার কথা জানিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসলামের পবিত্রতম শহর মক্কার নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।
বুধবার এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম জানান, মক্কার কাছে ড্রোন প্রতিহত করার খবর মালয়েশিয়া গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে মক্কার বাসিন্দা ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন তিনি।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, মঙ্গলবার মক্কার দিকে এগিয়ে আসা একটি হুথি ড্রোন নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত ও ধ্বংস করা হয়। সৌদি কর্তৃপক্ষ ঘটনাটিকে মক্কার নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছে।
আনোয়ার বলেন, বেসামরিক এলাকা এবং পবিত্র স্থানকে ঝুঁকির মধ্যে ফেলে এমন যেকোনো হামলা বন্ধ করা জরুরি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
সংঘাত নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত সংযম প্রদর্শন করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
তবে মক্কাকে লক্ষ্য করে কোনো হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেন থেকে মক্কা বা অন্য কোনো ইসলামী পবিত্র স্থানের দিকে কোনো হুমকি দেওয়া হয়নি।
ইতি/
