, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 69%

চট্টগ্রামের জেলা মহাসড়ক উন্নয়নে বড় প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সড়ক জোনের আওতাধীন জেলা মহাসড়কগুলো আধুনিক মানে উন্নীত ও প্রশস্ত করতে ১ হাজার ৪৫৯ কোটি ৩৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেকের সভায় এ প্রকল্পসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার সাংবাদিকদের প্রকল্পগুলোর বিষয়ে অবহিত করেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা। প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে ৫৭ কোটি ৭১ লাখ টাকা। মোট প্রকল্পের মধ্যে নতুন সাতটি এবং সংশোধিত পাঁচটি প্রকল্প রয়েছে।

চট্টগ্রাম সড়ক জোনের প্রকল্পটির পাশাপাশি রাজশাহী সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়নে ৯৪৩ কোটি ৮৭ লাখ টাকার আরেকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ দুটি প্রকল্পই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন অনুমোদিত প্রকল্পগুলোর অংশ।

একনেকের সভায় রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে তিনটি মেট্রোরেল প্রকল্পও অনুমোদন বা সংশোধন করা হয়েছে। এর মধ্যে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকা। গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এ করিডোরের ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ হবে পাতালপথে।

এ ছাড়া সভায় বাংলাদেশ রেলওয়ের নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর জন্য ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকার প্রকল্প এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের সংশোধিত ব্যয় অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত ১২ প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঁচটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি, রেলপথ মন্ত্রণালয়ের দুটি এবং পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত