, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চট্টগ্রামে আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম আদালতে জামিন শুনানির সময় অসংলগ্ন বক্তব্য ও অস্বাভাবিক আচরণের অভিযোগ ওঠায় আইনজীবী শাহেদুল হকের ডোপ টেস্ট করানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ নির্দেশ দেন। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

আদালত সূত্রে জানা গেছে, হালিশহর থানায় করা একটি নালিশি মামলায় আসামি এমরান চৌধুরীর জামিন আবেদন করেন তাঁর আইনজীবী শাহেদুল হক। তবে শুনানির শুরুতে আসামিপক্ষের পরিবর্তে বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী আদালতে বক্তব্য দেন। তিনি জানান, শাহেদুল হক আদালতে আসতে চাইছেন না এবং আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই।

পরে আদালত জানান, জামিন শুনানির সময় আসামির আইনজীবীর উপস্থিতি প্রয়োজন। এর পর বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে শাহেদুল হক আদালতে উপস্থিত হন।

আদালতের আদেশে বলা হয়েছে, শুনানির সময় শাহেদুল হকের বক্তব্য অসংলগ্ন ছিল এবং তাঁর কথা জড়িয়ে যাচ্ছিল। তাঁর পোশাক-পরিচ্ছদ নিয়েও আদালত অসংগতির কথা উল্লেখ করেন। এ অবস্থায় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়। তবে এটি আদালতের পর্যবেক্ষণ; ডোপ টেস্টের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

আদেশে আরও বলা হয়, বাদীপক্ষ আসামির জামিনে অনাপত্তি জানিয়েছে—শুনানির সময় বিষয়টি স্বাভাবিকভাবে উপস্থাপন করার কথা থাকলেও আইনজীবীর বক্তব্যে তা প্রতিফলিত হয়নি।

পরে শাহেদুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেন আদালত।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন জানিয়েছেন, আদালত একজন আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিবেদন তাঁদের হাতে পৌঁছেনি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত