, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 69%

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৭

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৪৭৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ১১৩ জন এবং আগের মামলায় ৮৩ জন রয়েছেন। এ ছাড়া পুলিশ অ্যাক্টে ৩২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিভিন্ন মামলার পরোয়ানায় ১২৬ জন এবং সাজা পরোয়ানায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়।

পুলিশের তথ্যমতে, মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছেন ৬৭ জন। তাদের মধ্যে ১৬ জন মাদক বহনকারী এবং ৫১ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৬২ জনকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯ জনে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৪ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

পুলিশের অভিযানে ৪ হাজার ৯৬০টি ইয়াবা ট্যাবলেট, ৬০ কেজি ৫৪৭ গ্রাম গাঁজা, ৩৬২ লিটার চোলাই মদ, আট বোতল বিদেশি মদ, ১৫ বোতল স্কাফ সিরাপ এবং ১৭২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট জেলাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত