বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তান থাকা সরকারি চাকরিজীবীদের জন্য মাসিক ভাতা চালুর বিধান রাখা হয়েছে নতুন বেতনকাঠামোয়। এ ব্যবস্থায় একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী সর্বোচ্চ দুই সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। ফলে দুই সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন হলে মাসিক ভাতার পরিমাণ দাঁড়াবে ৬ হাজার টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি বেতনকাঠামোসংক্রান্ত গেজেটে এ সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের জন্য এ ধরনের ভাতা চালুর উদ্যোগ এবারই প্রথম নেওয়া হয়েছে।
গেজেটের বিধান অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের সংখ্যা দুইয়ের বেশি হলেও সর্বোচ্চ দুই সন্তানের জন্যই ভাতা দেওয়া হবে। এ ক্ষেত্রে একই সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একসঙ্গে গ্রহণের সুযোগ থাকবে না।
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মা অথবা বাবার ব্যাংক হিসাবে ভাতার অর্থ পাঠানো হবে। সরকারি চাকরিজীবী যত দিন চাকরিতে থাকবেন, তত দিন এ সুবিধা পাওয়ার বিধান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন বেতনকাঠামো বা নবম পে স্কেলের আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সোয়া ৯ লাখ পেনশনভোগী সুবিধা পাবেন। তবে সরকারি চাকরিজীবীদের মধ্যে কতজনের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে, সে বিষয়ে বর্তমানে নির্দিষ্ট পরিসংখ্যান নেই বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
এ তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য অর্থ বিভাগের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার—আইবাসে প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
ভাতা পাওয়ার ক্ষেত্রে সন্তানের প্রতিবন্ধিতা যাচাইয়ের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী যে মন্ত্রণালয়ে কর্মরত, সেখান থেকেই তথ্য যাচাই-বাছাই করা হবে।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানানো হচ্ছিল। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতিও পাওয়া গেছে বলে সূত্রটি জানিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এ ভাতা বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের চিকিৎসা, শিক্ষা, থেরাপি ও পরিচর্যার ব্যয় মেটাতে পরিবারগুলোকে কিছুটা আর্থিক সহায়তা দেবে।
তবে ভাতা পেতে প্রয়োজনীয় সনদ, যোগ্যতা যাচাইয়ের বিস্তারিত শর্ত এবং আবেদনপদ্ধতি সংশ্লিষ্ট দপ্তরের বিধি ও প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
ইতি/
