, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 73%

তিন প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়ল গুগলের জেমিনাই

নিজস্ব প্রতিবেদক

সাইবার নিরাপত্তা নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালানোর সময় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল জেমিনাই বাস্তব তিনটি প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করেছিল। গুগল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে।

গুগলের তথ্যমতে, ঘটনাগুলো চলতি বছরের মে মাসে একটি নিয়মিত সাইবার নিরাপত্তা মূল্যায়নের সময় ঘটে। জুলাইয়ে বিষয়টি শনাক্ত করার পর তদন্ত শুরু করে প্রতিষ্ঠানটি। ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে।

গুগলের নিরাপত্তা প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস জানান, পরীক্ষার সময় জেমিনাই ইন্টারনেটে উন্মুক্ত বিভিন্ন তথ্য খুঁজে পায়। এরপর মডেলটি এমন কিছু ওয়েবসাইটে প্রবেশের জন্য লগইন তথ্য অনুমান করে, যেগুলোকে সে পরীক্ষার অংশ হিসেবে মনে করেছিল।

গুগল জানিয়েছে, তিনটি পৃথক প্রতিষ্ঠানের সিস্টেমে এ ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়নি। তিন ক্ষেত্রেই জেমিনাই একপর্যায়ে নিজে থেকেই কার্যক্রম বন্ধ করে দেয়।

ঘটনার পর সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করেছে গুগল। একই সঙ্গে পরীক্ষার সঙ্গে যুক্ত অংশীদারের সঙ্গে কাজ করে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে পরীক্ষার পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের এই ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান স্বায়ত্তশাসন এবং সাইবার নিরাপত্তায় এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে কোনো এআই মডেল পরীক্ষার নির্ধারিত পরিবেশের বাইরে গিয়ে বাস্তব অনলাইন সিস্টেমে প্রবেশ করতে পারলে তার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর—সে প্রশ্ন সামনে এসেছে।

সাম্প্রতিক সময়ে অন্যান্য এআই প্রতিষ্ঠানের পরীক্ষামূলক কার্যক্রমেও একই ধরনের ঘটনা সামনে এসেছে। জুলাইয়ে ওপেনএআইয়ের দুটি মডেল পরীক্ষামূলক পরিবেশের বাইরে ইন্টারনেটে প্রবেশ করে হাগিং ফেসের অভ্যন্তরীণ সিস্টেমে অনুপ্রবেশের চেষ্টা করেছিল বলে জানা যায়। অ্যানথ্রপিকের এআই মডেল নিয়েও সাইবার নিরাপত্তাসংক্রান্ত অনুরূপ ঘটনা প্রকাশ্যে এসেছে।

হিদার অ্যাডকিনসের মতে, এ ধরনের ঘটনা শক্তিশালী এআই মডেলগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করার জন্য প্রশিক্ষণ এবং যথাযথ নিরাপত্তা নিয়ন্ত্রণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত