, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 58%

আইফোন ছিনতাইয়ে বাধা, লাঠির আঘাতে প্রাণ গেল অপ্রতিমের: পুলিশ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লায় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে জানা গেছে, আইফোনটি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই অপ্রতিমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ফোনটি নেওয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করে। এতে অপ্রতিমের মৃত্যু হলে তারা ফোনটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত শুরু হয়। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপ্রতিমের সঙ্গে তুহিনের চলাচলের তথ্য পাওয়া যায়। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদকে এবং ফাহাদের তথ্য অনুযায়ী কামরুলকে আটক করা হয়।

আইফোন উদ্ধারের বিষয়ে পুলিশ সুপার জানান, তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে আইফোনটি উদ্ধার করা সম্ভব হয়।

এ ঘটনায় সিয়াম নামে আরও একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সুপার বলেন, তদন্ত শেষে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত