, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 73%

বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফোন কিনে না দেওয়াকে কেন্দ্র করে বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ জানাতে রাতে থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জে ঘটেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীর থানায় যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সে হাজীগঞ্জ থানায় উপস্থিত হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ‘মিনা’ (ছদ্মনাম) মোবাইল ফোন ব্যবহারের জন্য বাবা-মায়ের কাছে আবদার করেছিল। কিন্তু ফোন না পেয়ে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে অভিমান করে বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে সে একাই থানায় চলে আসে।

পরে থানার পুলিশ পরিদর্শক জহির হোসেন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। তার বক্তব্য শোনার পর পরিবারের সদস্যদের থানায় ডেকে এনে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

পুলিশ পরিদর্শক জহির হোসেন বলেন, শিশুটি অভিমান করে বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় এসেছিল। তার সঙ্গে শান্তভাবে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হয়। পরে বাবা-মাকে ডেকে সন্তানের সঙ্গে পারিবারিক বিষয়গুলো ভালোবাসা, যত্ন ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ছোট কোনো ঘটনাকে কেন্দ্র করে শিশুর মনে যেন নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক করা হয়েছে। পরে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়ে শিক্ষার্থীকে বাবা-মায়ের সঙ্গে বাড়িতে পাঠানো হয়।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত