জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, সাত মাসের মধ্যে তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। তাঁর দাবি, পেট্রল, ডিজেল, অকটেন ও কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন খাতের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে।
জ্বালানি খাতে লোকসান ও ভর্তুকির প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তাঁর বক্তব্য, রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনা ও রাজস্ব সক্ষমতা কাজে লাগিয়ে জনগণের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ কমানো সরকারের দায়িত্ব। তিনি জ্বালানি তেলের বর্ধিত মূল্য দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান।
সমাবেশে গোলাম পরওয়ার সরকারের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের সমালোচনা করেন। গণভোটের রায় ও বিভিন্ন অধ্যাদেশ নিয়ে সরকারের অবস্থানেরও সমালোচনা করেন তিনি। এসব বিষয়ে রাজনৈতিক সমঝোতা ও বিরোধী দলের সঙ্গে আলোচনার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
সরকারের অবস্থান পরিবর্তন না হলে গ্রাম, শহর ও বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীমুখী লংমার্চ কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তিনি। এ ছাড়া সরকারের ভেতরের একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। এসব অভিযোগের বিষয়ে সমাবেশে সরকারের কোনো বক্তব্য তুলে ধরা হয়নি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সরকারের কার্যক্রমের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, প্রশাসনকে ব্যবহার করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সুবিধা নেওয়ার চেষ্টা চলছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম। এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ডাকসুর ভিপি আবু সাদিক (সাদিক কায়েম)সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
মহাখালীতেও জামায়াতের বিক্ষোভ
একই দাবিতে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াত। কলেরা হাসপাতালের সামনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি অভিযোগ করেন, গভীর রাতে প্রেস নোট জারি করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তাঁর বক্তব্যে দেশের অর্থনীতি, কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন ও শিক্ষাব্যবস্থায় এর সম্ভাব্য প্রভাবের বিষয়টি উঠে আসে। জ্বালানি সংকট মোকাবিলায় জামায়াতের বিশেষজ্ঞ কমিটি সরকারকে সহযোগিতার প্রস্তাব দিলেও সাড়া পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।
জুবায়ের আরও বলেন, ১১-দলীয় ঐক্যের ছয় দফা দাবি পরবর্তী সময়ে আট দফায় উন্নীত হয়েছে। সরকারের কার্যক্রম ও অসহযোগিতার কারণে দাবিগুলোকে এক দফায় নামিয়ে আনার পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেন তিনি।
ইতি/
