চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে ঘিরে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে উপস্থিত কয়েকজনের বিরুদ্ধে। পরে কয়েকজন ব্যক্তি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই নারী আহত হন। দুর্ঘটনার পর তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিলেন।
পরে মরিয়মনগর চৌমুহনী এলাকায় একটি সভা শেষে ফেরার পথে বিএনপি নেতা ইউসুফ সিকদার, উপজেলা যুবদলের সদস্যসচিব এস এম লোকমান, যুবদল নেতা মাসুদ পারভেজ ও ছাত্রদল নেতা শওকতসহ কয়েকজন তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহত নারীর পরিচয় প্রথমে জানা যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন। তাঁর নাম বীনা নাথ (৫০)। তিনি সরফভাটা ইউনিয়নের নাথপাড়া গ্রামের সুভাষ নাথের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, বীনা নাথ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বুধবার বিকেল ৩টার দিকে ধোপপুল এলাকার ভাড়া বাসা থেকে নিখোঁজ হওয়ার পর স্বজনেরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আহত নারীর ছবি দেখে তাঁরা হাসপাতালে ছুটে যান।
পরে উন্নত চিকিৎসার জন্য বীনা নাথকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
উদ্ধারকারীরা বলেন, সড়কে আহত বা অসহায় কাউকে পড়ে থাকতে দেখলে ছবি কিংবা ভিডিও ধারণে ব্যস্ত না হয়ে দ্রুত তাঁর পাশে দাঁড়ানো এবং চিকিৎসার ব্যবস্থা করা জরুরি।
বিএনপি নেতা ইউসুফ সিকদার বলেন, আহত নারীকে সড়কে পড়ে থাকতে দেখে তাঁরা দ্রুত উদ্ধারের উদ্যোগ নেন। দুর্ঘটনায় আহত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
ইতি/
