চট্টগ্রামের বোয়ালখালীতে নিরাপত্তা জালে আটকে পড়া একটি বিষধর পদ্মগোখরো সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পাশের একটি চায়ের দোকানের নিরাপত্তা জাল থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন।
আমীর হোসাইন শাওন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ফুট লম্বা সাপটি উদ্ধার করা হয়। পরে সেটিকে নিরাপদে বনের ভেতর অবমুক্ত করা হয়। সাপটির বয়স আনুমানিক সাড়ে তিন থেকে সাড়ে চার বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ সময়ে পদ্মগোখরোর ডিম পাড়ার মৌসুম হওয়ায় সাপটি সম্ভবত ডিম পাড়ার উপযুক্ত ও নিরাপদ স্থান খুঁজছিল।
পদ্মগোখরোর ফণার পেছনে সাধারণত গোলাকার ‘ও’ আকৃতির একটি চিহ্ন থাকে, যা মনোকল মার্ক নামে পরিচিত। তবে সম্প্রতি উদ্ধার হওয়া কয়েকটি সাপের ক্ষেত্রে এই চিহ্ন অসম্পূর্ণ বা অর্ধচন্দ্রাকৃতির দেখা গেছে। জিনগত বৈচিত্র্যের কারণে এমন পার্থক্য হতে পারে বলে জানান শাওন।
ইতি/
