চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১২৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯২২ জনে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নতুন করে ৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে চলতি বছর মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৬ জন। তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০৪ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৫২ জন।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আরও ৩৬ জন। এসব প্রতিষ্ঠানে চলতি বছর এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬৬১ জন। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১৬ জন।
চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে চলতি বছর আক্রান্তের সংখ্যা ৫০৩ জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১৮ জন চিকিৎসাধীন এবং ৪৮৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন। এসব হাসপাতালে চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ৪২৬ জন। বর্তমানে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪০১ জন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ৫৩০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৯৯ জন।
এদিকে, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ১৪৬ জন। বর্তমানে আটজন চিকিৎসাধীন এবং ১৩৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৮ জনের মৃত্যু হয়েছে
