চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বায়তুল মামুর জামে মসজিদের সামনে মারছা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মুড়াপাড়া এলাকার খালেদা আক্তার (৩৫) ও তার মেয়ে হুমাইরা আক্তার (১৮)। গ্রেপ্তারের আগে তারা কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকার একটি ভবনের পঞ্চম তলায় বসবাস করতেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সংস্থাটির কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা মা-মেয়ের ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, ঘটনায় চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইতি/
