, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 74%

কালুরঘাট শিল্পনগরীতে চুরি-ছিনতাইয়ের ‘মূলহোতা’ রুবেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্পনগরীতে চুরি, ছিনতাই ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, শিল্পনগরীতে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। মামলাগুলোর কয়েকটি বর্তমানে বিচারাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালুরঘাট বিসিক শিল্পনগরীর বিভিন্ন চালু ও বন্ধ কারখানায় চুরি, ছিনতাই ও লুটপাটের অভিযোগ রয়েছে। এতে শিল্পমালিক, শ্রমিক-কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, কিছু ঘটনায় দিনের বেলাতেও বন্ধ কারখানা থেকে মালামাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সম্প্রতি শিল্পনগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা বাড়ানো হয়েছে। নিরাপত্তা জোরদারে সিসিটিভি স্থাপন, প্রবেশপথ নিয়ন্ত্রণ, পুলিশ ক্যাম্প স্থাপন এবং নিয়মিত টহল বাড়ানোর মতো উদ্যোগের কথাও জানানো হয়েছে।

এর আগে স্থানীয় শিল্পমালিক ও শ্রমিকরা শিল্পনগরীতে শিল্প পুলিশ ও সিএমপির সমন্বিত টহল জোরদার, প্রবেশপথে নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি স্থাপনের দাবি জানিয়েছিলেন।

সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক পুলিশি অভিযান অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে শিল্পনগরীর নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক অভিযান, নিয়মিত টহল, প্রবেশপথে নজরদারি এবং অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখা প্রয়োজন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত