যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইরান। তবে নতুন করে হামলা হলে পাল্টা সামরিক পদক্ষেপের জন্যও প্রস্তুত থাকার কথা জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তাঁর দেশ একদিকে শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনীতির পথ খোলা রাখছে, অন্যদিকে যেকোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সংঘাত আরও বিস্তৃত হলেও ইরান নিজেদের অবস্থান থেকে সরে যাবে না।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ চলছে। ২৮ সেপ্টেম্বর দুই দেশের কর্মকর্তারা পৃথকভাবে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে রয়টার্স। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালির নৌ চলাচল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করা।
এর আগে ইরান সাত দিনের একটি প্রস্তাব দেয়। এতে মার্কিন অবরোধ ও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন। পরে তিনি চলতি সপ্তাহে আবারও আলোচনার সম্ভাবনার ইঙ্গিত দেন।
ফলে একদিকে সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও অন্যদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক তৎপরতাও চলছে। সংঘাতের পরবর্তী গতিপথ এখন নির্ভর করছে দুই পক্ষের আলোচনার অগ্রগতি ও হরমুজ প্রণালিকে ঘিরে সমঝোতার ওপর।
ইতি/
