, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আহত ১২ সদস্য

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে পুলিশের সঙ্গে সশস্ত্র অপরাধীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশের ১২ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ দিলদার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

পুলিশ সুপার জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাউজানের কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুরের জয়নগর বড়ুয়া পাড়ায় অভিযান চালানো হয়। জানে আলম ওরফে ডাকাত আলমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র ওই এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের উপস্থিতি টের পেয়ে জানে আলম, মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বস এবং দিলদার হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে পুলিশের ১২ সদস্য আহত হন।

অভিযানের একপর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা কাটা বন্দুক, চায়না রাইফেলের ১১৯ রাউন্ড গুলি, ছয় রাউন্ড সীসার কার্তুজ, চারটি রামদা, দুটি কটি এবং দুটি গুলি রাখার প্রসেস উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, জানে আলম ও আজিজ বসের নেতৃত্বাধীন চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিল। গত ২৫ সেপ্টেম্বর আবু বক্কর চৌধুরীর বাড়িতেও চাঁদা দাবি করার ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর একই ইউনিয়নে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছিল পুলিশ। কদলপুর এলাকায় অপরাধ দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত