, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

চমেক হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকার দুটি ক্যানটিনে খাবার প্রস্তুত ও সংরক্ষণে গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্র পাওয়া গেছে। এর মধ্যে একটি ক্যানটিনে রুটি তৈরির খামিরে তেলাপোকার উপস্থিতি এবং অন্যটিতে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণের প্রমাণ মিলেছে। এসব অনিয়মের দায়ে ক্যানটিন দুটিকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে হাসপাতাল এলাকায় পরিচালিত এক অভিযানে এসব অনিয়ম শনাক্ত করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, চমেক ক্যাফে রেস্তোরাঁর ফ্রিজে কাঁচা মাছ ও মাংসের পাশাপাশি রান্না করা তরকারি সংরক্ষণ করা হচ্ছিল। অন্যদিকে, চতুর্থ শ্রেণির কর্মচারী ক্যানটিনে খাবার তৈরি, রান্না ও পরিবেশনের স্থান অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। বিশেষ করে রুটি তৈরির খামিরে তেলাপোকার উপস্থিতি দেখতে পান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

এ ঘটনায় ক্যানটিন দুটিকে পৃথকভাবে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

একই অভিযানে হাসপাতালের প্রধান ফটকের পাশের মেডিকোপ সুপার শপকে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ডাবের অতিরিক্ত দাম রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত বিদেশি ওষুধ বিক্রির অভিযোগে জেবিএল সার্জিক্যাল ইউনিট-২-কে ২৫ হাজার টাকা এবং স্বপ্না মেডিকেল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, হাসপাতাল এলাকার বিভিন্ন ক্যানটিন ও দোকানে অভিযান চালিয়ে একাধিক অনিয়ম পাওয়া গেছে। বিশেষ করে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে খাবার তৈরি ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি না মানা রোগী ও তাঁদের স্বজনদের জন্য ঝুঁকির কারণ হতে পারে। এসব অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত