দীর্ঘ দুই বছর বিরতির পর আবারও চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বসতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আগামী ২৩ নভেম্বর ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সম্ভাব্য উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে। মাসব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিতব্য এ মেলায় ২০টি প্যাভিলিয়নসহ মোট ২১৫টি স্টল রাখার পরিকল্পনা করা হয়েছে। বিদেশি প্রতিষ্ঠান ও দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়িয়ে মেলাটিকে আন্তর্জাতিক বাণিজ্যের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেমিনার হলে মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় চেম্বারের সাবেক সভাপতি ও সিআইটিএফ-২০২৬ কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, মেলায় বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য আকর্ষণীয়, নান্দনিক ও নিরাপদ পরিবেশ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, চট্টগ্রাম চেম্বার গত ৩১ বছর ধরে পলোগ্রাউন্ড মাঠে এ মেলার আয়োজন করে আসছে। এবারের আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে মাঠ ব্যবহারের অনুমতিও পাওয়া গেছে। দেশি-বিদেশি ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানো, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ তৈরি করাই এবারের মেলার অন্যতম উদ্দেশ্য।
সভায় সভাপতিত্ব করেন চেম্বার পরিচালক ও সিআইটিএফ-২০২৬ কমিটির চেয়ারম্যান এসএম সাইফুল আলম। তিনি বলেন, অতীতে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা নগরবাসীর কাছে ব্যবসায়িক আয়োজনের পাশাপাশি বিনোদন ও মিলনমেলার একটি পরিচিত কেন্দ্র হয়ে উঠেছিল। এবারের আয়োজনেও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, চট্টগ্রামের ৮ থেকে ১০টি ব্যবসায়ী সংগঠনকে মেলায় স্টল নেওয়ার জন্য উৎসাহিত করা হবে। এর মাধ্যমে সংগঠনগুলোর কার্যক্রম ও ব্যবসায়িক উদ্যোগ সাধারণ মানুষের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
প্রস্তুতি সভায় চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, মেলা কমিটির কো-চেয়ারম্যান আমান উল্লা আল ছগির, আবু হায়দার চৌধুরী, চেম্বার পরিচালক আসাদ ইফতেখার, এএসএম ইসমাইল খান, মোহাম্মদ নুরুল ইসলাম, সরোয়ার আলম খান, শহীদুল আলম, মোহাম্মদ শফিউল আলম ও মো. সেলিম নুরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইতি/
