, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 69%

জাপানে ছড়িয়ে পড়ছে ইনফ্লুয়েঞ্জা

নিজস্ব প্রতিবেদক

জাপানে এবার নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে মৌসুমি ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ। দেশটির ৪৭টি প্রশাসনিক অঞ্চলের সবকটিতেই শনাক্ত রোগীর সংখ্যা সংক্রমণ পর্যবেক্ষণের নির্ধারিত সীমা অতিক্রম করেছে।

শুক্রবার (২ অক্টোবর) জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির প্রায় তিন হাজার নির্ধারিত চিকিৎসাকেন্দ্রে গড়ে প্রতি কেন্দ্রে ৭ দশমিক ১৭ জন ইনফ্লুয়েঞ্জা রোগী শনাক্ত হয়েছেন। এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৮ দশমিক ৪৮। তবে এই সাময়িক হ্রাসকে সংক্রমণ কমে যাওয়ার স্থায়ী প্রবণতা হিসেবে দেখছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ওকিনাওয়ায়। সেখানে প্রতি পর্যবেক্ষণকেন্দ্রে রোগীর সংখ্যা ৪২ দশমিক ৫০। এরপর রয়েছে সাইতামা ১৪ দশমিক ১৭, ইবারাকি ১২ দশমিক ৫০, আইচি ১২ দশমিক ৩৩ এবং গিফু ১০ দশমিক ১৮

জাপানে ১৯৯৯ সাল থেকে সংক্রমণের মৌসুমি হিসাব সংরক্ষণ শুরুর পর এবার দ্বিতীয়বারের মতো এত আগে ফ্লু মৌসুম শুরু হয়েছে। এর আগে ২০০৯ সালে সবচেয়ে আগেভাগে সংক্রমণের নির্ধারিত সীমা অতিক্রম করেছিল।

সংক্রমণ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, কাশির সময় মুখ ঢেকে রাখা এবং অসুস্থ অবস্থায় অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত