আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। চলতি বছর এ নিয়ে চতুর্থবারের মতো তিনি এই সম্মাননা পেলেন।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে সেপ্টেম্বর মাসের মাসিক বিশেষ কল্যাণ সভায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে সাতকানিয়া সার্কেলের আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি এবং জনবান্ধব পুলিশিংসহ বিভিন্ন কার্যক্রমের মূল্যায়নে আরিফুল ইসলাম সিদ্দিকীকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে এপ্রিল, মে ও জুলাই মাসেও তিনি একই স্বীকৃতি অর্জন করেন। ফলে ২০২৬ সালে চারবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন এই পুলিশ কর্মকর্তা।
বর্তমানে সাতকানিয়া সার্কেলের দায়িত্বের পাশাপাশি পটিয়া সার্কেলের অতিরিক্ত দায়িত্বও পালন করছেন মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। পটিয়া সার্কেলের আওতাধীন উপজেলা দুটি হলো পটিয়া ও বোয়ালখালী।
চতুর্থবারের মতো সম্মাননা পাওয়ার পর আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, এই অর্জন শুধু তার ব্যক্তিগত নয়; সার্কেলের দায়িত্বে থাকা সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধারাবাহিকভাবে এই স্বীকৃতি অর্জন তার দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার প্রতিফলন।
ইতি/
