, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 65%

চাক্তাইয়ে অবৈধভাবে সার মজুত, ১,৯০০ বস্তা জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় লাইসেন্স ছাড়াই সার মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যবসায়ীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। অভিযানে আটটি গুদাম থেকে টিএসপি, ডিএপি ও এমওপি সার মিলিয়ে মোট ১ হাজার ৯০০ বস্তা জব্দ করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাকলিয়া থানার চাক্তাই এলাকায় অভিযানটি পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফারাহ এন্টারপ্রাইজের ছয়টি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার বস্তা টিএসপি ও ৫০০ বস্তা ডিএপি সার পাওয়া যায়। লাইসেন্স ছাড়া সার সংরক্ষণ ও বিপণনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এর স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, শাহ আলম সওদাগর এন্টারপ্রাইজের দুটি গুদাম থেকে ১০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকেও একই অপরাধে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, দুই প্রতিষ্ঠানেরই সার সংরক্ষণ ও বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স ছিল না। বেশি দামে বিক্রি বা পাচারের উদ্দেশ্যে সারগুলো মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সারগুলো কীভাবে ও কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জব্দ করা সার ও অন্যান্য মালামাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার এবং বাকলিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত