মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিভিন্ন এলাকায় ভবন ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর ৪০টিরও বেশি পরাঘাত অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল পানামার পিতালোজা আররিবা এলাকার প্রায় ১২ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১২ দশমিক ৬ কিলোমিটার।
ভূমিকম্পে দেশটির কয়েকটি এলাকায় স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পেনোনোমে শহরে একটি গির্জার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে ভবনের দেয়াল ধসে পড়া এবং সড়কে ফাটল সৃষ্টির খবরও পাওয়া গেছে। পর্যটন এলাকা প্লায়া ভেনাওতে একটি ভবনের অংশ ধসে কয়েকটি গাড়ি চাপা পড়ে।
কম্পন অনুভূত হওয়ার পর বিভিন্ন স্থানে ভবন থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পানামা সিটির মেট্রোরেল চলাচল ও আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমেও সাময়িক বিঘ্ন ঘটে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে দিনের বাকি সময়ের ক্লাস বাতিল করা হয়।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর একাধিক পরাঘাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। ভূমিকম্পের পর কয়েকটি উপকূলীয় এলাকায় সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কিছু মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মূল্যায়ন চলছিল।
এদিকে ভূমিকম্পের পর পানামা খালের কার্যক্রম সচল ছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ইতি/
