চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।
শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৮ জন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আটজন চিকিৎসা নিতে গেছেন। এ ছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আরও নয়জন ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১০ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে মোট ৫ হাজার ৩৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৩৭৫ জন। অন্যদিকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ৯৮৪ জন।
এ বছর ডেঙ্গুতে প্রাণ হারানো ২৩ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন, জেনারেল হাসপাতালে দুজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি রোধে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ইতি/
