, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

জঙ্গল সলিমপুরের নিরাপত্তায় সমন্বিত মাস্টারপ্ল্যানের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় জঙ্গল সলিমপুরের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এলাকার স্থায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনানুগ কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভার আলোচনায় জঙ্গল সলিমপুরের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে কার্যকর মাস্টারপ্ল্যান তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পরিকল্পনাটি বাস্তবায়নে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা জোরদার ও বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধানে প্রস্তাবিত মাস্টারপ্ল্যান কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত