, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 69%

চট্টগ্রামে সেরা পাঁচ পূজামণ্ডপের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর ৪৬টি নিবন্ধিত পূজামণ্ডপের মধ্যে সৃজনশীলতা, নান্দনিকতা ও সার্বিক আয়োজনের মূল্যায়নে সেরা পাঁচটি নির্বাচন করা হয়েছে। ‘শারদ সম্মাননা ২০২৬’-এর নির্বাচিত মণ্ডপগুলোর নাম সোমবার (১৯ অক্টোবর) নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয়ে ঘোষণা করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

নির্বাচিত পূজামণ্ডপগুলো হলো—গোসাইলডাঙ্গা সর্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির (থিম: ‘ভাড়’), বৈশাখী সংঘ, উত্তর কাট্টলী জ্বালাকুমারী বাড়ি (থিম: ‘জল দুয়ার’), খলিফাপট্টি সর্বজনীন পূজা উদযাপন পরিষদ (থিম: ‘রক্তাঞ্জলি’), পতেঙ্গা শ্যামা সংঘের হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির (থিম: ‘যুগান্তরের বার্তাবহন’) এবং দক্ষিণ নালাপাড়া পূজা উদযাপন পরিষদ (থিম: ‘আত্মকথন’)।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় অংশ নেওয়া মণ্ডপগুলো মূল্যায়নের জন্য দুটি বিশেষ জুরি প্যানেল গঠন করা হয়। বিচারকেরা সরেজমিনে মণ্ডপ পরিদর্শন করে শিল্পমান, প্রতিপাদ্যের গভীরতা, আলোকসজ্জা, পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার, দর্শনার্থীদের নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক বিবেচনায় নেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্গোৎসব ধর্মীয় আয়োজনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ। পূজামণ্ডপের সৃজনশীলতা ও ব্যতিক্রমী উদ্যোগকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আয়োজকদের উৎসাহিত করাই এ সম্মাননার অন্যতম উদ্দেশ্য। সব ধর্মের মানুষের জন্য নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ নগর গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

এবারের বিচারক প্যানেলে ছিলেন চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ ও দীপক দত্ত, আলোকচিত্রী শোয়েব ফারুকী, নাট্যজন ও বাচিকশিল্পী বাপ্পা চৌধুরী ও কংকন দাশ, জ্যেষ্ঠ সাংবাদিক নাছির উদ্দিন হায়দার ও অনুপম পার্থ, সাংবাদিক ফারুক তাহের এবং নৃত্য প্রশিক্ষক প্রিয়াংকা বড়ুয়া।

‘শারদ সম্মাননা ২০২৬’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক অনিমেশ কুমার চক্রবর্তী। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ পূজামণ্ডপের শিল্পসম্মত উপস্থাপনা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও ধর্মীয় সম্প্রীতির চর্চাকে আরও উৎসাহিত করবে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত