, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 78%

পটিয়ায় গভীর রাতে বসতঘরে চুরি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বসতঘরে চুরির অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন গৃহকর্তা। চোর আগে থেকেই খাটের নিচে লুকিয়ে ছিল বলে সন্দেহ করছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সমুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. হাসানুজ্জামান খান (৪৫) পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা দেখতে পান তিনি। পরে মুঠোফোন খুঁজতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।

হাসানুজ্জামানের সন্দেহ, পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর খাটের নিচে লুকিয়ে থাকা চোর সুযোগ বুঝে ঘর থেকে মালামাল নিয়ে পালিয়ে যায়। তবে চোর খাটের নিচে লুকিয়ে ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগীর অভিযোগ, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন, আনুমানিক ৩০ আনা ওজনের স্বর্ণের হার এবং নগদ ১ লাখ ৪ হাজার টাকা। এ ছাড়া আরও কিছু মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন তিনি।

তিনি জানান, রাত ২টার দিকে বিদেশ থেকে তাঁর জামাতা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পান। এ পরিস্থিতিতে তাঁর ধারণা, রাত সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে চুরির ঘটনা ঘটে থাকতে পারে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত