
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় কৃষককে মারধর করে ১২ একর লবণ মাঠের পলিথিন কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।২৮ জানুয়ারি (রবিবার) সকাল ১০টার দিকে খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড বহলতলী এলাকায় ঘটেছে এ ঘটনা।
এ ঘটনায় ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাগানপাড়া এলাকার হাজী নুরুল হকের ছেলে আবদুল আলীম বাদী হয়ে চকরিয়া পৌরসভার ভরামুহরী এলাকার মৃত হাজী হেদায়েত আলীর ছেলে ছৈয়দুর রহমান ডুলাহাজারা ইউপির ২নং ওয়ার্ড কাটাখালী এলাকার মৃত রব্বত আলীর ছেলে আলী হোছন, ৮ নং ওয়ার্ডের মৃত চাঁদ মিয়ার ছেলে শামসুল আলমসহ ৯ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত নামা ১৫/২০ জনের নামে চকরিয়া থানায় এজাহার দায়ের করেছে।
এজাহার সুত্রে জানা যায়, খুটাখালীর বহলতলী মৌজায় বাদীর দীর্ঘদিনের ভোগদখলীয় লবণের মাঠের জমি রবিবার সকালে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী দিয়ে জবরদখলের চেষ্টা করলে, বাঁধা দেওয়ায় লবণ চাষে কর্মরত কৃষকদের নির্মমভাবে পিটিয়ে আহত করে। তাদের নির্মিত কাছা ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এসময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন, পকেটে থাকা টাকা ও চারটি পানির পাম্প মেশিন লুট করে নিয়ে যায়।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লবণ মাঠের পলিথিন কেটে দেওয়ার বিষয়ে লিখিত এজাহার পেয়েছি। পুলিশ গঠনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

