
নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে বিএনপির সমাবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি! আষাঢ়ের টানা বৃষ্টিতে আজ বিকেল তিনটায় নগরের কাজীর দেউড়িতে দলীয় কার্যালয়ের সামনের সড়কের সমাবেশটি স্থগিত করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে বিএনপির প্রথম বিক্ষোভ সমাবেশ ছিল এটি। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
সোমবার (১ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন সমাবেশের সমন্বয়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। এরপর বিএনপির নেতাকর্মীরা এই পোস্ট শেয়ার করতে থাকেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন লিখেছেন, ‘গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের সমাবেশ বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে’
সরেজমিন দেখা যায়, সমাবেশ স্থগিত ঘোষণা করার আধা ঘণ্টা আগেও দলটির নেতাকর্মীরা নূর আহমেদ সড়কে সমাবেশস্থলে ভিড় করতে থাকেন। নগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. কামরুল ইসলামকে দেখা যায় বৃষ্টিতে ভিজে লোকজন নিয়ে অবস্থান করতে। অবশ্য পরে তিনি নগর কার্যালয়ে চলে যান।

