, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 80%

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। তবে অভিযানের সময় অটোরিকশার চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি দল উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক যানটি ফেলে দ্রুত পালিয়ে যান।

পরবর্তীতে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ ঘটনায় জব্দ করা ইয়াবা ও অটোরিকশার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত