, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 80%

জুলাইকে পুঁজি করে ক্ষমতার রাজনীতি নয়, সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের ‘জুলাই চেতনা’কে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয়। তিনি সতর্ক করে বলেন, আন্দোলনের চেতনাকে পুঁজি করে কেউ রাজনীতি বা ব্যবসা করার চেষ্টা করলে জনগণ তা গ্রহণ করবে না।

রোববার (১৯ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না। যারা শুধু এমপি, মন্ত্রী কিংবা উপদেষ্টা হওয়ার লক্ষ্য নিয়ে জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনো সময় আছে নিজেদের অবস্থান সংশোধনের।”

বক্তব্যে তিনি তথাকথিত ‘নতুন বন্দোবস্তের রাজনীতি’ এবং ‘দায় ও দরদের রাজনীতি’–এর প্রবক্তাদের সমালোচনা করে বলেন, এসব ধারণার সুস্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতে হবে।

তিনি বলেন, “এত বাক্যবাগীশ হওয়া ভালো নয়। ‘নতুন বন্দোবস্ত’ বলতে কী বোঝানো হচ্ছে, তা স্পষ্ট করুন। ‘দায়’ ও ‘দরদের’ রাজনীতি বলতে কী বোঝাচ্ছেন, সেটিও জনগণকে জানান। শুধু বক্তৃতা দিয়ে দায়িত্ব শেষ হয় না।”

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, নতুন রাজনৈতিক ধারার কথা বললেও কেউ কেউ আড়ালে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করছেন এবং সুযোগসন্ধানী আচরণ করছেন। তিনি বলেন, জনগণ যদি নতুন রাজনৈতিক ধারা গ্রহণ করে, তবেই তার গ্রহণযোগ্যতা তৈরি হবে। শুধু নতুন দল গঠন করে দেশের মানুষকে বিভ্রান্ত করা সম্ভব নয়।

গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ আবু সাঈদের মৃত্যুর খবর পাওয়ার পরই তিনি নিশ্চিত হয়েছিলেন যে আন্দোলনের বিজয় অবশ্যম্ভাবী। তাঁর ভাষায়, “যে দেশের ছাত্ররা মুক্তির জন্য বুক পেতে দিতে পারে, সেই দেশের জনগণকে পরাজিত করা যায় না।”

তিনি জানান, আন্দোলনের কঠিন সময়ে বিএনপির সিনিয়র নেতা ও বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছিল। সেখানেও তিনি একই ধরনের আশ্বাস পেয়েছিলেন যে রক্ত দিতে প্রস্তুত জনগণের বিজয় অনিবার্য।

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের নেতাকর্মী, সাধারণ মানুষ এবং ছাত্রসমাজের দীর্ঘ ত্যাগ ও আত্মদানের ধারাবাহিকতার ফলেই ৫ আগস্টের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে।

তিনি দাবি করেন, শেখ হাসিনার সরকারের পেছনে রাষ্ট্রযন্ত্র ও বিদেশি শক্তির প্রচ্ছন্ন সমর্থন ছিল। অন্যদিকে আন্দোলনকারীদের পাশে ছিল নিরস্ত্র ছাত্র-জনতা, যারা খালি হাতে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছে।

রাজনৈতিক বিভাজনের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের ইতিহাসকে নিজেদের স্বার্থে ব্যবহার না করে বর্তমান বাস্তবতা ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করা প্রয়োজন।

দেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদের পুনরুত্থান হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় জাতীয় প্রশ্নে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মতভেদ থাকলেও তা সংসদ ও গণতান্ত্রিক পরিসরে সমাধান হওয়া উচিত। বিভক্তি তৈরি হলে তা কেবল স্বৈরাচারের ফিরে আসার পথ সহজ করবে।

সবশেষে তিনি ফ্যাসিবাদের পুনরুৎপাদন ঠেকাতে জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য দেশের সব রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি আহ্বান জানান।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত