, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 74%

বিশ্বকাপকে টার্গেট করে সক্রিয় এআই প্রতারক চক্র

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত অনলাইন প্রতারণার ঝুঁকি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, টিকিট বিক্রি, লাইভ স্ট্রিমিং, ভ্রমণ বুকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রচারণাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে এখন জেনারেটিভ এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করছে প্রতারক চক্র।

বিশেষজ্ঞদের মতে, এআই ব্যবহার করে তৈরি ভুয়া ওয়েবসাইট, নকল কিউআর কোড, ভুয়া গ্রাহকসেবা প্রতিনিধি এবং ডিপফেক ভিডিও বা কণ্ঠস্বরের মাধ্যমে ফুটবলপ্রেমীদের ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা বাড়ছে। এসব প্রতারণা এতটাই বাস্তবসম্মত যে অনেক ক্ষেত্রেই সাধারণ ব্যবহারকারীদের জন্য আসল ও নকলের পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের ভাষ্য, বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরগুলো সব সময়ই প্রতারকদের লক্ষ্যবস্তু হয়ে থাকে। তবে এআই প্রযুক্তির সহজলভ্যতা প্রতারণাকে আরও দ্রুত, স্বয়ংক্রিয় এবং বিশ্বাসযোগ্য করে তুলেছে। ফলে লাখো দর্শক ও সমর্থক একযোগে ঝুঁকির মুখে পড়তে পারেন।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বিশ্বকাপের টিকিট বা ভ্রমণ প্যাকেজ কেনার আগে অবশ্যই অফিসিয়াল প্ল্যাটফর্ম যাচাই করতে হবে। অপরিচিত লিংক, সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন বা সন্দেহজনক কিউআর কোডে ক্লিক না করারও আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো বার্তায় জরুরি ভিত্তিতে অর্থ পাঠানো বা ব্যক্তিগত তথ্য দেওয়ার অনুরোধ এলে তা একাধিক উৎস থেকে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এআইভিত্তিক প্রতারণা মোকাবিলায় প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি ব্যবহারকারীদের সচেতনতা সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা। তাই বিশ্বকাপের উন্মাদনার মধ্যেও অনলাইনে লেনদেন ও তথ্য শেয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত