, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 76%

এমআইটির হ্যাকাথনে স্পেসএক্সএআই চ্যালেঞ্জে দুই বাংলাদেশির সাফল্য

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) আয়োজিত হ্যাকএমআইটি ২০২৬ হ্যাকাথনে স্পেসএক্সএআই চ্যালেঞ্জে সাফল্য পেয়েছেন দুই বাংলাদেশি শিক্ষার্থী। ট্রুম্যান স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী আশরাফুল ইসলাম ও মো. তানভীর ইবনে আলমের তৈরি ‘স্কুটারিস’ প্রকল্পটি সেরা প্রকল্পগুলোর একটি হিসেবে নির্বাচিত হয়েছে।

১৯ ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ হ্যাকাথনে বিশ্বের ৩৬টি দেশের এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের দেওয়া চ্যালেঞ্জের ভিত্তিতে প্রতিযোগীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। এর মধ্যে স্পেসএক্সের স্পেসএক্সএআই চ্যালেঞ্জে অংশ নিয়ে সাফল্য অর্জন করেন দুই বাংলাদেশি শিক্ষার্থী।

‘স্কুটারিস’ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি অরবিটাল সেফটি প্ল্যাটফর্ম। এটি পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইট ও মহাকাশের বর্জ্যের সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি শনাক্ত ও বিশ্লেষণে সহায়তা করে।

প্রকল্পটিতে বাস্তব কক্ষপথসংক্রান্ত তথ্য ব্যবহার করা হয়েছে। এআই প্রযুক্তির মাধ্যমে এসব তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং ঝুঁকির মাত্রা ও সম্ভাব্য করণীয় সম্পর্কে তথ্য দেওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ত্রিমাত্রিক ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে স্যাটেলাইটের অবস্থান, কক্ষপথ ও সম্ভাব্য সংঘর্ষের দূরত্বও পর্যবেক্ষণ করা যায়।

প্রতিযোগিতায় সাফল্যের ফলে দুই শিক্ষার্থী স্পেসএক্সের প্রকৌশলীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। তাঁদের মতে, আন্তর্জাতিক পর্যায়ের এ অর্জন ভবিষ্যতে মহাকাশ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে কাজে আসবে।

আশরাফুল ইসলাম কম্পিউটার ও ডেটা সায়েন্স বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি এআই ও স্বল্পমূল্যের প্রযুক্তি ব্যবহার করে পানিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণ নিয়েও গবেষণা করেছেন।

অন্যদিকে মো. তানভীর ইবনে আলম ডেটা সায়েন্স ও অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন। নাসার কেপলার ও টেস মিশনের তথ্য ব্যবহার করে তিনি eclipsing binary star নিয়ে গবেষণায় যুক্ত রয়েছেন।

দুই শিক্ষার্থীর এ সাফল্য আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও দক্ষতার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে সামনে এসেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত