, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 76%

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে চালু হয়েছে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা। স্থানীয় মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে চালু হওয়া এ সেবায় প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাতেও নির্দিষ্ট সংযোগ সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম দেশ হিসেবে এ সেবা চালু করেছে বলে জানিয়েছে বাংলালিংক।

সেবা চালুর খবর প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টারলিংকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে তিনি বাংলাদেশে সেবা চালুর বিষয়টি জানান। একই সঙ্গে নিজের অ্যাকাউন্ট থেকেও বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালুর কথা উল্লেখ করেন।

স্টারলিংকের তথ্য অনুযায়ী, সেলুলার নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকায় এই প্রযুক্তি অতিরিক্ত যোগাযোগ সুবিধা দিতে পারে। ফলে উপকূলীয় অঞ্চল, প্রত্যন্ত এলাকা, সমুদ্রে অবস্থানরত মানুষ, ভ্রমণকারী এবং নেটওয়ার্ক-সীমিত এলাকার বাসিন্দাদের জন্য এটি বিশেষভাবে কার্যকর হতে পারে।

বাংলালিংক জানিয়েছে, এ সেবা ব্যবহারের জন্য সামঞ্জস্যপূর্ণ ৪জি ফোন ও বাংলালিংকের সিম প্রয়োজন। প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকা অবস্থায় ব্যবহারকারীরা নির্দিষ্ট অ্যাপ ও লোকেশনভিত্তিক সেবা ব্যবহারের সুযোগ পাবেন।

জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হলে স্যাটেলাইট-টু-মোবাইল প্রযুক্তি বিকল্প যোগাযোগের স্তর হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে জেলে, সমুদ্রে কর্মরত মানুষ এবং প্রত্যন্ত ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য এর ব্যবহারিক গুরুত্ব রয়েছে। বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের গভীর সমুদ্র এলাকাতেও এ সেবা ব্যবহারের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলালিংক।

প্রথম মাসে বাংলালিংকের যেকোনো ইন্টারনেট বা মিক্সড বান্ডেলের সঙ্গে স্টারলিংক ইন্টারনেট বিনা অতিরিক্ত খরচে দেওয়ার কথা জানিয়েছে অপারেটরটি। পরবর্তী সময়ে নির্দিষ্ট মাসিক ইন্টারনেট ও মিক্সড বান্ডেলের সঙ্গে এ সুবিধা চালু থাকবে। এছাড়া স্যাটেলাইট নেটওয়ার্কে ব্যবহারের জন্য গ্রাহকদের প্রতি মাসে পাঁচটি বিনামূল্যের এসএমএস দেওয়ার তথ্যও জানিয়েছে বাংলালিংক।

স্টারলিংকের এই উদ্যোগ বাংলাদেশের দুর্গম, উপকূলীয় ও নেটওয়ার্ক-বিচ্ছিন্ন এলাকায় মোবাইল যোগাযোগের পরিধি বাড়ানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত