, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 64%

চট্টগ্রামে চুরি যাওয়া দুই মাসের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

নগরের ফুটপাত থেকে চুরি হয়ে যাওয়া দুই মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশু চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানার ৩ নম্বর পাহাড়তলী রেলগেট সংলগ্ন বলুয়ারদিঘীর উত্তর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় এক আসামির হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—নোয়াখালীর সেনবাগের মহরম আলী (৫০) এবং চট্টগ্রামের মীরসরাইয়ের মো. ইব্রাহিম (৩৮)।

পুলিশের তথ্য অনুযায়ী, শিশুটির বাবা মো. রাজীব (২২) স্ত্রী রুবি বেগম ও দুই মাস বয়সী ছেলে মোহাম্মদ হোসাইনকে নিয়ে কয়েক মাস ধরে নগরের বিআরটিসি ফলমন্ডী এলাকায় ভাসমানভাবে বসবাস করছিলেন।

গত ৩ অক্টোবর ভোরে তারা ফুটপাতে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে রাজীব দেখতে পান, তার পাশে থাকা দুই মাসের শিশুটি নেই। পরে বিষয়টি জানিয়ে কোতোয়ালী থানায় অভিযোগ করা হয়।

ঘটনার পর তদন্তে নামে পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মহরম আলীকে আটক করা হয়। তার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে মহরম আলী ইব্রাহিমের নাম জানালে একই এলাকায় মিনহাজের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) কোতোয়ালী থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ জানান, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত