, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৭ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ৫৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪ জন চিকিৎসা নিচ্ছেন।

সরকারি হাসপাতালের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৫ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১১ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ১৬৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪ হাজার ২৪০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯২৭ জন চিকিৎসা নিয়েছেন।

এদিকে চলতি বছরে ডেঙ্গুতে জেলায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রামে সেপ্টেম্বর থেকেই ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতেও এই সময়ে আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতার কথা উঠে এসেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত