মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগ না থাকলেও কাছাকাছি থাকা ব্যক্তির সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে ‘UltraLink’ প্রযুক্তি চালু করেছে স্মার্টফোন নির্মাতা ইনফিনিক্স। প্রযুক্তিটি ব্যবহার করে সমর্থিত দুটি ইনফিনিক্স ফোনের মধ্যে সরাসরি ভয়েস কল, বার্তা ও ছবি আদান-প্রদান করা যাবে।
ইনফিনিক্সের তথ্য অনুযায়ী, UltraLink ব্যবহারের জন্য মোবাইল টাওয়ার, সিম সিগন্যাল বা মোবাইল ডেটার প্রয়োজন হয় না। খোলা পরিবেশে কোনো বড় বাধা না থাকলে প্রযুক্তিটি সর্বোচ্চ প্রায় ১.৫ কিলোমিটার দূরত্বে যোগাযোগের সুবিধা দিতে পারে। তবে পরিবেশ, প্রতিবন্ধকতা ও ব্যবহৃত ডিভাইসের ওপর নির্ভর করে প্রকৃত দূরত্ব কম-বেশি হতে পারে।
প্রযুক্তিটির কার্যকারিতা ইনফিনিক্সের অভ্যন্তরীণ পরীক্ষায় HOT 70 Pro 5G মডেলে যাচাই করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, নেটওয়ার্ক সংকেত দুর্বল বা সম্পূর্ণ অনুপস্থিত থাকলেও UltraLink-এর মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ ডিভাইসগুলোর মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা সম্ভব।
তবে UltraLink প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বিকল্প নয়। বরং নেটওয়ার্ক কভারেজের বাইরে বা সংকেত দুর্বল এমন পরিস্থিতিতে এটি অতিরিক্ত যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
ইনফিনিক্স জানিয়েছে, বর্তমানে HOT 70 সিরিজ, NOTE 60 সিরিজ এবং Smart 20 সিরিজের নির্দিষ্ট মডেলে UltraLink সুবিধা পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে আরও ডিভাইসে প্রযুক্তিটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ইতি/
