, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 76%

বিমানের ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমানের ফ্লাইটে দীর্ঘদিন ধরে প্রদর্শিত তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমা দুটি আপাতত আর দেখানো হচ্ছে না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে এর কারণ ব্যাখ্যা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সিনেমা দুটির পরিবেশনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এর স্বত্বাধিকারী কাজী রিটনের ভাষ্য, প্রায় দুই মাস আগে তাদের জানানো হয় যে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ আপাতত বিমানের ফ্লাইটে প্রদর্শন করা হবে না। দীর্ঘ সময় ধরে সিনেমা দুটি দেখানো হয়েছে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাদের জানানো হয়েছে। ভবিষ্যতে আবার সিনেমা দুটি প্রদর্শনের সুযোগ থাকতে পারে বলেও জানান তিনি।

এ বিষয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ জানান, বিমানের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্টের কনটেন্ট নিয়মিত পরিবর্তন করা হয়। সাধারণত তিন মাস পরপর সিনেমা, টিভি অনুষ্ঠান ও অডিও কনটেন্টের তালিকা হালনাগাদ করা হয়।

বিমান কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, এসব কনটেন্টের মালিকানা বিমানের নয়। বিভিন্ন মিডিয়া ব্রোকার ও কনটেন্ট সেবা প্রদানকারীর মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য প্রদর্শনের লাইসেন্স নেওয়া হয়। লাইসেন্সের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট কনটেন্ট সরিয়ে ফেলতে হয়।

এ ছাড়া উড়োজাহাজের অভ্যন্তরীণ মিডিয়া সার্ভারের ধারণক্ষমতা সীমিত হওয়ায় নতুন কনটেন্ট যুক্ত করতে পুরোনো কিছু কনটেন্টও সরিয়ে ফেলা হয়। যাত্রীদের আগ্রহ ও সন্তুষ্টির বিষয়টিও কনটেন্ট পরিবর্তনের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় বলে জানিয়েছে বিমান।

তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালসালু’ মুক্তি পায় ২০০১ সালে। অন্যদিকে ‘চিত্রা নদীর পারে’ মুক্তি পায় ১৯৯৮ সালে। দুটি চলচ্চিত্রই বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। তানভীর মোকাম্মেলের নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘লালসালু’ উল্লেখযোগ্য

ইতি।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত