বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীবাহিনীর প্রায় ৫ শতাংশ, অর্থাৎ আনুমানিক ৮০০ থেকে ৮৫০ জন কর্মী এই সিদ্ধান্তের আওতায় পড়তে পারেন। আগামী সপ্তাহেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পাক (Puck)।
বার্তা সংস্থা রয়টার্সের ৯ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট সূত্রের বরাতে ছাঁটাইয়ের সম্ভাব্য পরিকল্পনার খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে নেটফ্লিক্স এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। কোন কোন বিভাগে কতজন কর্মী চাকরি হারাতে পারেন, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া নেটফ্লিক্সের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ওই বছরের ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটিতে প্রায় ১৬ হাজার পূর্ণকালীন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে প্রায় ১০ হাজার ৯০০ জন যুক্তরাষ্ট্র ও কানাডায় কর্মরত ছিলেন।
কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে নেটফ্লিক্সের আগের নজিরও রয়েছে। ২০২২ সালে গ্রাহকসংখ্যা কমে যাওয়া ও ব্যবসায়িক চাপের মধ্যে কয়েক দফায় প্রতিষ্ঠানটি শত শত কর্মী ছাঁটাই করে। সাম্প্রতিক পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ২০২২ সালের পর এটি নেটফ্লিক্সের অন্যতম বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা হতে পারে।
তবে সম্ভাব্য ছাঁটাইয়ের পেছনে প্রতিষ্ঠানের পুনর্গঠন পরিকল্পনা, কর্মীদের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ এবং বিনোদন ও প্রযুক্তি খাতে বাড়তে থাকা প্রতিযোগিতার ভূমিকা কতটা, সে বিষয়ে নেটফ্লিক্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
ইতি/
