, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 65%

চুয়েটে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনুপস্থিতিতে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে দুই দিনের জন্য এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তারা

শনিবার (১০ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে তাদের আন্দোলন চলমান রয়েছে। এ অবস্থায় বর্তমান উপাচার্যের দেওয়া দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তকে তারা গ্রহণযোগ্য মনে করছেন না।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, তাদের মূল দাবি উপেক্ষা করে সাময়িক দায়িত্ব বণ্টন কিংবা প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটের সমাধান সম্ভব নয়। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। একই সঙ্গে অধ্যাপক ড. মো. আরাফাত রহমানের প্রতি রুটিন দায়িত্ব গ্রহণ না করার আহ্বান জানান আন্দোলনকারীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের ১০ অক্টোবর ঢাকায় যাওয়ার কথা রয়েছে। ১১ ও ১২ অক্টোবর তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সচল রাখার উদ্দেশ্যে অধ্যাপক আরাফাত রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৩ অক্টোবর উপাচার্যের কর্মস্থলে ফেরার আগ পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকার কথা।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি অনুযায়ী, উপাচার্যের অনুপস্থিতিতে সাধারণত অনুষদের ডিনদের মধ্য থেকে কাউকে রুটিন দায়িত্ব দেওয়া হয়। এবার কোনো অনুষদের ডিনকে দায়িত্ব না দিয়ে যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপককে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের বক্তব্য, রুটিন দায়িত্ব পালনের জন্য ডিন হওয়া বাধ্যতামূলক নয়; যেকোনো অধ্যাপককে এ দায়িত্ব দেওয়া যেতে পারে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। গত ২৭ জুলাই উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক সায়েমের দায়িত্ব গ্রহণের ৫৬ দিনের মাথায় এ পরিবর্তনের সিদ্ধান্ত আসে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চুয়েটে নিয়মিত একাডেমিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম বন্ধ রয়েছে। উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের অনড় অবস্থানের মধ্যে নতুন করে দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে কতটা ভূমিকা রাখবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত