, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে থার্ড-পার্টি এআই এজেন্ট

নিজস্ব প্রতিবেদক

হোয়াটসঅ্যাপে অন্য প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ব্যবহারের সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বিভিন্ন এআই এজেন্টের সহায়তায় দৈনন্দিন কাজের পরিকল্পনা, করণীয় তালিকা তৈরি এবং বার্তার খসড়া প্রস্তুত করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট WABetaInfo-এর তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে তৃতীয় পক্ষের তৈরি এআই এজেন্ট যুক্ত করার সুযোগ থাকবে। প্রতিটি এজেন্টের জন্য আলাদা নাম ও প্রোফাইল ছবি নির্ধারণ করা যাবে। এজেন্টগুলোকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেবার সঙ্গে সংযুক্ত করতে হোয়াটসঅ্যাপের দেওয়া এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) কি ব্যবহার করা হবে।

তবে থার্ড-পার্টি এআই এজেন্ট ব্যবহারের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা নিয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। সাধারণ হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো এসব এজেন্টের সঙ্গে কথোপকথন এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে না। কারণ, এআই এজেন্টগুলো পরিচালনা করবে সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান। ফলে এজেন্টের সঙ্গে শেয়ার করা তথ্যের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নির্ভর করবে ওই সেবাদাতার নীতিমালার ওপর।

প্রস্তাবিত সুবিধায় একজন ব্যবহারকারী সর্বোচ্চ পাঁচটি এআই এজেন্ট যুক্ত করতে পারবেন। তবে এজেন্টগুলো ব্যবহারকারীর পুরো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশাধিকার পাবে না। ব্যবহারকারী যে বার্তা বা কনটেন্ট সরাসরি এজেন্টের সঙ্গে শেয়ার করবেন, মূলত সেগুলোই এজেন্টের কাছে পৌঁছাবে। ব্যক্তিগত চ্যাট, পরিচিতদের ফোন নম্বর কিংবা ডিভাইসে সংরক্ষিত ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে দেখার সুযোগ থাকবে না।

প্রাথমিকভাবে নির্বাচিত কয়েকটি দেশের সীমিতসংখ্যক বেটা ব্যবহারকারীর মধ্যে সুবিধাটির পরীক্ষামূলক কার্যক্রম চলছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী সময়ে আরও ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হতে পারে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত