
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় র্যাব-৭-এর অভিযানে একটি প্রাইভেট জিপ থেকে প্রায় চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট জিপ জব্দ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) ভোররাতে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজসংলগ্ন সরকারহাট গরুর বাজারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব-৭, চট্টগ্রাম।
আটক ব্যক্তিরা হলেন— জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগুড়ী এলাকার বাসিন্দা মো. রনি ইসলাম ওরফে সাবু হাসান (৩০) এবং আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা রহমত আলী (৪৩)।
র্যাব-৭ সূত্র জানায়, মাদক পরিবহনের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন একটি কালো রঙের ১৯৯৫ মডেলের টয়োটা হার্ড জিপ (ঢাকা মেট্রো-ঘ-১১-২১৯২) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতর থেকে মোট ৩ হাজার ৮৯৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ দুইজনকে আটক করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত গাড়ি এবং আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব-৭ ইয়াবাসহ দুইজনকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক পাচার ও কারবার নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী ও উপকূলীয় এলাকাগুলোকে কেন্দ্র করে ইয়াবা পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
ইতি/

