, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 80%

ভুয়া নোটিশে বিভ্রান্তি

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানাল চট্টগ্রাম বোর্ড

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত থাকা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন রুটিন সংক্রান্ত একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সতর্ক করে বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়নি। পরীক্ষার তারিখ নির্ধারণ হলে তা শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বর্তমানে পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। তবে পরীক্ষা পুনরায় শুরুর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, “আমরা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলেই স্থগিত পরীক্ষাগুলো শুরু করা হবে।”

তিনি আরও বলেন, পরীক্ষার নতুন সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে, সেটি সম্পূর্ণ ভুয়া। শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র শিক্ষা বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তির ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি।

এর আগে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়।

গত ১৬ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।

স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলো।

বোর্ড জানিয়েছে, স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এর বাইরে অন্য কোনো সূত্র থেকে প্রচারিত তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার বাইরে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে।

চলতি বছর সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। পরীক্ষাকেন্দ্র রয়েছে ২ হাজার ৬৯৭টি। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ১ হাজার ৬২৬টি, মাদরাসা শিক্ষা বোর্ডের ৪৬১টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৬১০টি কেন্দ্র।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন। আর দেশের সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে অংশ নিচ্ছে ৩ লাখ ৩৯৩ জন।

আরু/

  • সর্বশেষ
  • পঠিত