, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 80%

সাজেকে নিহত অন্তঃসত্ত্বা শিক্ষিকার পরিবারকে সহায়তা, শিশুকন্যার শিক্ষার দায়িত্ব নিল বিজিবি

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বিজিবির ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা সুমন্তি চাকমার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্ঘটনার দুই দিন পর নিহত শিক্ষিকার স্বজনদের সঙ্গে বৈঠক করে আর্থিক সহায়তা, শিশুকন্যার শিক্ষার দায়িত্ব গ্রহণ এবং পরিবারের একজন সদস্যকে চাকরির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বাঘাইছড়ির ২৭ বিজিবির মারিশ্যা জোন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ২৭ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্চায়ন চাকমা, সহকারী শিক্ষা কর্মকর্তা সমরেশ চাকমা, শিক্ষক প্রতিনিধি নামতা তালুকদার, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, ইউপি সদস্য বনবিহারী চাকমাসহ নিহত শিক্ষিকার স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৈঠক শেষে সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, দুর্ঘটনার দিনই বিজিবির পক্ষ থেকে নিহত শিক্ষিকার পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আগামী রোববারের মধ্যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য আরও চার লাখ টাকা প্রদান করা হবে।

এ ছাড়া নিহত শিক্ষিকা সুমন্তি চাকমার আট বছর বয়সী মেয়ে প্রাপ্তি চাকমার লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে বিজিবি। পাশাপাশি তার ভাই এইচএসসি পাস করার পর শারীরিকভাবে উপযুক্ত হলে বিজিবিতে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

দুর্ঘটনা প্রতিরোধে সাজেক সড়কের ছয়টি ঝুঁকিপূর্ণ স্থানে গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

গত শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সাজেকের চাম্পাতলী এলাকায় বিজিবির একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা সুমন্তি চাকমা নিহত হন। এ সময় তার গর্ভে থাকা সন্তানও মারা যায়। সন্তান প্রসবের জন্য তাকে সাজেক থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল।

বৈঠকে বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম বলেন, “বিজিবি এই পরিবারের পাশে থাকবে। নিহত শিক্ষিকার শিশুকন্যার শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রশাসনের পক্ষ থেকেও নিহত শিক্ষিকার পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত