, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 73%

বৃষ্টি–বন্যার প্রভাবে কাঁচা মরিচের দামে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের দাম। এক মাস আগেও ১০০ থেকে ১২০ টাকায় এক কেজি ভালো মানের কাঁচা মরিচ কেনা গেলেও বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে সেই মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৮০ টাকায়।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কৃষি মার্কেট, টাউন হল বাজার এবং উত্তরার আশকোনা হজক্যাম্প বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারভেদে দামের পার্থক্য থাকলেও প্রায় সব জায়গাতেই কাঁচা মরিচের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টি ও সাম্প্রতিক বন্যার কারণে বিভিন্ন এলাকায় সবজি খেতে পানি জমে ফসলের ক্ষতি হয়েছে। এতে কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির সরবরাহ কমে গেছে। ফলে বাজারে দাম বেড়েছে। এর মধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশজুড়ে আরও পাঁচ দিনের টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভালো মানের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায়। টাউন হল বাজারে একই মানের মরিচের দাম উঠেছে ২৫০ থেকে ২৮০ টাকায়। কারওয়ান বাজারে ভালো মানের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়, আর সাধারণ মানের মরিচ পাওয়া যাচ্ছে ১৬০ টাকার আশপাশে।

বিক্রেতাদের ভাষ্য, কাঁচা মরিচের পাশাপাশি প্রায় সব ধরনের সবজির দামই কমবেশি বেড়েছে। তবে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে কাঁচা মরিচে, যার দাম এক মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে।

রাজধানীর আশকোনা হজক্যাম্প এলাকার বাসিন্দা জাকির হোসেন জানান, সোমবার রাতে তিনি ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছেন ৬০ টাকায়, অর্থাৎ প্রতি কেজি ২৪০ টাকা দরে। তিনি বলেন, “বৃষ্টির কারণে প্রতিদিনই কাঁচা মরিচের দাম বাড়ছে। এক সপ্তাহ আগেও ২৫০ গ্রাম মরিচ ৪০ টাকায় কিনেছিলাম, এখন একই পরিমাণ মরিচ কিনতে ৬০ টাকা গুনতে হচ্ছে।”

বাজারসংশ্লিষ্টদের ধারণা, টানা বৃষ্টি অব্যাহত থাকলে এবং মাঠপর্যায়ে সরবরাহ স্বাভাবিক না হলে আগামী কয়েক দিন কাঁচা মরিচের দাম আরও বাড়তে পারে।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত