, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 49%

মহেশখালীতে তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালীতে জ্বালানি সরবরাহ বাড়াতে তিনটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।

রোববার (৮ নভেম্বর) দুপুরে তাঁর নেতৃত্বে সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করে। এ সময় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ধলঘাটা ও রাজঘাট এলাকার প্রকল্প কার্যক্রম ঘুরে দেখেন তাঁরা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখ্য সচিব জানান, মহেশখালী উপকূলে একটি ভাসমান এলএনজি টার্মিনাল এবং মাতারবাড়ীতে স্থলভিত্তিক আরও দুটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, মাতারবাড়ীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যোগ্য ব্যক্তিদের কর্মসংস্থানসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

মুখ্য সচিবের ভাষ্য, মাতারবাড়ীতে ভবিষ্যতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। গভীর সমুদ্রবন্দরের কাজ সম্পন্ন হলে দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত