, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 49%

বাইসাইকেল চুরির অভিযোগে চট্টগ্রামে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বাইসাইকেল চুরির অভিযোগকে কেন্দ্র করে মোবারক ইসলাম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ মুসা (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পতেঙ্গার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোবারক ইসলাম একই এলাকার আবদুল মাবুদের ছেলে। তিনি আগে একটি পোশাক কারখানায় কাজ করতেন। সম্প্রতি বাবার চায়ের দোকানে কাজ করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মুসার ছেলের একটি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোবারককে সন্দেহ করে তাঁকে ডেকে নেওয়া হয়। পরে স্থানীয় একটি মাঠে বাঁশ দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, এরপর পাশের একটি গুদামে নিয়ে মোবারকের হাত-পা বেঁধে বৈদ্যুতিক তার দিয়ে প্রায় দুই ঘণ্টা নির্যাতন করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে মরদেহ মাঠে ফেলে রেখে পালানোর চেষ্টা করেন অভিযুক্তরা। এ সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে মোহাম্মদ মুসাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, প্রাথমিক তদন্তে বাইসাইকেল চুরির অভিযোগকে কেন্দ্র করে মুসা ও তাঁর ছেলের মারধরের বিষয়টি উঠে এসেছে। মোবারককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগও তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মুসাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার মুসাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত